এবার চলে গেলেন নজরুল ইসলাম
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ঢাকার খিলগঁাঁও তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ছয় দিনের ব্যবধানে দুই দুঃসংবাদ। ছয় দিন আগে মারা যান জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রাশেদ তুর্য্যরে বাবা সাবেক বক্সার ও বক্সিং কোচ মহিউদ্দিন মহি। আর পরশু রাতে দুনিয়া থেকে চলে যান ফুটবল সংগঠক নজরুল ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্রীড়াঙ্গনে যিনি নজু ভাই নামেই পরিচিত। গত বছর নভেম্বরে না ফেরার দেশে চলে যান খিলগাঁওয়ের অপর ফুটবল সংগঠক জালাল উদ্দিন জালু। ফলে গত ছয় মাসে খিলগাঁওয়ের ক্রীড়াঙ্গন হারালো তিনজন প্রতিষ্ঠিত ক্রীড়া সংগঠককে। নজরুল ইসলাম এবারের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে খেলতে যাওয়া খিলগাঁও ফুটবল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। পরশু রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ভর্তি করানো হয় বারডেম হাসপাতালে। সেখানে দ্বিতীয় দফা হৃদরোগে আক্রান্ত হলে এরপর লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপরও বাঁচানো যায়নি তাকে। গতকাল দুপুরে খিলগঁাঁও জামে মসজিদে জানাজা নামাজ শেষে মসজিদ লাগোয়া কবরস্থানেই দাফন করা হয় নজরুল ইসলামকে। বক্সিং কোচ মহিকেও সেখানে দাফন করা হয়েছিল।