ড্রতে বিপদ বাড়ল গৌরীপুরের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ম্যাচ শেষে হতাশ হয়ে বসে ছিলেন গৌরীপুর স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। টঙ্গী ক্রীড়া চক্রের বিপক্ষে জিতলে শিরোপার রেসে ভালো ভাবে থাকতে পারতো কুমিল্লার দাউদকান্দির এই ক্লাব। কিন্তু গোলশূন্য ড্র করে তারা একটু বিপদেই পড়ল। ফলে নূন্যতম রানার্সআপ হয়ে সিনিয়র ডিভিশনে উঠতে হলে তাদের এখন জিততে হবে খিলগাঁও ফুটবল অ্যাকাডেমি, দিলকুশা স্পোর্টিং ক্লাব ও বিকেএসপির বিপক্ষে। ১০ খেলা শেষে ২১ পয়েন্ট গৌরীপুরের। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্যারাগন ডেইরি দ্বিতীয় বিভাগ লিগের অন্য ম্যাচে বিকেএসপি ২-১ গোলে বিজিপ্রেসকে হারিয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। বিকেএসপির পক্ষে রিমন ও শিহাব গোল করেন। বিজিপ্রেসের গোলদাতা সেজান। পূর্বাচল পরিষদের সাথে গোলশূন্য ড্র করে টিকে থাকার পথে এগিয়ে গেছে খিলগাঁও ফুটবল অ্যাকাডেমি। পূর্বাচলের পয়েন্ট এখন ১৯।