তুর্কি ক্লাব ত্রাবজনস্পারে সালাহ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্ব ফুটবল তারকাদের সাথে তুরস্কের ফুটবলের পরিচয় নতুন নয়: রবার্তো কার্লোস, দিদিয়ের দ্রগবা, রবিন ফন পার্সি, স্যামুয়েল ইতো, মেসুত ওজিল ও ওয়েসলি স্নাইডারডের মতো তারকারা সুপার লিগে খেলেছেন। তুর্কি ক্লাব ফেনেরবাচেতে আছেন এন’গোলো কন্তে ও এডারসন; গালাতাসারাইতে ভিক্টর ওসিমহেন, ইলকায় গুন্দোগান ও লেরয় সানেরা খেলছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড মার্সিসাইডে ৯ বছর কাটানোর পর গত মৌসুম শেষে লিভারপুল ছেড়েছেন, যেখানে তিনি ২৫৭টি গোল করেছেন।
মোহাম্মদ সালাহকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের ক্লাব ত্রাবজনস্পার। এতে কোনো সন্দেহ নেই যে ত্রাবজনস্পার তুর্কি ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা একটি দলবদল সম্পন্ন করেছে। মিসরের এই অধিনায়ক তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে গতকাল পৌঁছানোর পর ভক্তরা তাকে ঘিরে ধরেন। যেখানে সালাহ ত্রাবজনস্পারের জার্সি পরে বেরিয়ে এসে উচ্ছ্বসিত জনতার সাথে কথা বলেন।
সালাহ লিভারপুলকে দু’টি প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ এবং দু’টি ইএফএল কাপ জিততে সাহায্য করেছিলেন। ইংল্যান্ডে থাকাকালে এই মিসরীয় তারকা চারবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জেতেন এবং ২০১৮, ২০২২ ও ২০২৫ সালে তিনবার প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন।
লিভারপুল ২০২৪-২৫ সালে শিরোপাজয়ী মৌসুমে ২৯টি গোল, ১৮টি অ্যাসিস্ট করা সত্ত্বেও অল রেডদের সাবেক প্রধান কোচ আর্নে সøটের সাথে মতবিরোধের কারণে পরবর্তী মৌসুমে খেলার সুযোগ কমে যায় সালাহর।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সফল অভিযানে মিসর প্রথমবারের মতো শেষ ষোলোতে পৌঁছে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয়। বিশ্বকাপ শেষে সালাহ তুরস্কের আরেক ক্লাব বেসিকতাসের সাথে চুক্তির কাছাকাছি ছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। খবর অনুযায়ী আর্থিক কারণে চুক্তিটি ভেস্তে যাওয়ায় ত্রাবজনস্পারের সাথে চুক্তিতে পৌঁছান সালাহ। তুর্কি ক্লাবটি গত পরশু তাদের সোশ্যাল মিডিয়ায় পাপারা পার্কের পাশে পিরামিড দেখানো একটি ভিডিওর মাধ্যমে সালাহর আগমনের ইঙ্গিত দিয়েছিল।
এর পরপরই আরেকটি পোস্টে বলা হয়, সালাহ এবং ত্রাবজনস্পারের মধ্যে ‘আলোচনা শুরু হয়েছে’ এবং দেখানো হয় কিভাবে ইস্তাম্বুলে সালাহর ফ্লাইটটি গতকাল ট্র্যাক করা যাবে। একটি ব্যক্তিগত জেটে বসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, ‘ত্রাবজন, তোমরা কি প্রস্তুত? শিগগিরই দেখা হবে।’
ত্রাবজনস্পারের ফ্লাইট ট্র্যাকিং বেশ কাজে এসেছিল, কারণ সালাহকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হয়েছিল এবং তাকে একজন চলচ্চিত্র তারকার মতোই অভ্যর্থনা জানানো হয়। ক্রীড়া জগতের অন্যতম সেরা বিশ্ব তারকা হিসেবে ত্রাবজনস্পারের জন্য এই দলবদলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বর্তমান দলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলতে আসা গোলরক্ষক আন্দ্রে ওনানার পাশাপাশি কেপ ভার্দের বিশ্বকাপ তারকা ভাগনার পিনা এবং সিডনি লোপেস কাব্রালও রয়েছেন।
ত্রাবজনস্পরে সালাহ কত বেতন পাবেন তা এখনো স্পষ্ট নয়। তবে যেহেতু তিনি একজন ফ্রি এজেন্ট, তাই সুপার লিগের ক্লাবটি সালাহর বেতনের জন্য তাদের বাজেটের একটি বড় অংশ বরাদ্দ করতে পারবে। ‘ব্ল্যাক সি স্টর্ম’ নামে পরিচিত দলটি এখন পর্যন্ত সাতটি লিগ শিরোপা জিতেছে। যার মধ্যে ছয়টিই এসেছিল ১৯৭৬ থেকে ১৯৮৪ সালের মধ্যে। ২০২২ সালে সর্বশেষ তারা লিগ শিরোপা জিতে ৩৮ বছরের অপেক্ষার অবসান ঘটায়।
ফেনেরবাচে এবং গালাতাসারাইয়ের আধিপত্যের কারণে ত্রাবজনস্পার সমর্থকদের মধ্যে উৎসাহ কমে গিয়েছিল এবং পাপারা পার্কে প্রায়ই দর্শকের সংখ্যা ধারণক্ষমতার চেয়ে কম থাকত। সালাহকে দলে নেয়াটা এই পরিস্থিতি বদলানোর একটি প্রচেষ্টা।
ক্লাব কর্তৃপক্ষের ধারণা, সালাহর আগমন গ্যালারিতে সমর্থকদের ফিরিয়ে আনবে এবং জার্সির বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। এর মাধ্যমে তুরস্কোর গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে দলটির বাণিজ্যিক আবেদনও প্রসারিত করতে পারে। পাশাপাশি ত্রাবজনের আরব সম্প্রদায় এবং শহরে আসা পর্যটকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করতে পারে। দলের এটি একটি সাহসী কৌশলগত পরিবর্তন। আর এতে নতুন করে আকর্ষণের সঞ্চার করেছেন সালাহ।