ডিসেম্বরে ঢাকায় ৫ জাতি হকি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে অনেকদিন ধরেই আন্তর্জাতিক ম্যাচ খেলছে না বাংলাদেশ হকি দল। স্মরনীয় যা কিছু সাফল্য বিদেশের মাটিতে। তবে এবার পুনরায় দেশের মাটিতে হতে যাচ্ছে আন্তর্জাতিক হকি। ডিসেম্বরে ঢাকায় ৫ দেশকে নিয়ে অনুষি।ঠত হবে হকি টুর্নামেন্ট। গতকাল মোহামেডান ক্লাব পরিদর্শন কালে এ তথ্য দেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক।

অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে জাইলস বোনেট

বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক এবং দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত হকি কোচ জাইলস বোনেট গতকাল আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন। অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ ২০২৬- এর প্রস্তুতি ক্যাম্প এবং মূল টুর্নামেন্ট পর্যন্ত তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

আন্তর্জাতিক হকিতে তিন দশকেরও বেশি সময় ধরে কোচিং করানোর অভিজ্ঞতাসম্পন্ন বোনেট এর আগে ২০০১-০৭ সাল পর্যন্ত বেলজিয়াম পুরুষ হকি দলের প্রধান কোচ এবং বেইজিং অলিম্পিকে রৌপ্যজয়ী চীন দলের স্ট্রাটেজিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

বদলে গেলে অনূর্ধ্ব ২০ দল

মওলানা ভাসানী স্টেডিয়ামে গতকাল এক রোমাঞ্চকর প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান গেমসের ক্যাম্পে থাকা বাংলাদেশ সিনিয়র হকি দলের মুখোমুখি হয়েছিল অনূর্ধ্ব- ২০ যুব দল। অনূর্ধ্ব- ২০ দলের নবনিযুক্ত প্রধান কোচ জাইলস বনেট আগের রাতের ঢাকা এসে গতকাল তিনি ডাগআউটে দাঁড়িয়ে জাতীয় দলের বিপক্ষে ছেলেদের প্র্যাকটিস ম্যাচটি দেখেন।

তার ছোঁয়ায় যেন বদলে গেল অনূর্ধ্ব-২০ হকি দল। মাঠে নেমেই নিজের অভিজ্ঞতা ও কৌশলের ছোঁয়া দেন এই বিশ্বখ্যাত কোচ। সাইডলাইন থেকে তার দেয়া ছোট ছোট টিপস ও তাৎক্ষণিক পরামর্শে যেন বদলে যায় পুরো যুব দল। আগের ম্যাচে সিনিয়রদের কাছে ৭-১ ব্যবধানে হারলেও গতকাল সম্পূর্ণ ভিন্ন এক লড়াকু মানসিকতা দেখিয়েছে অনূর্ধ্ব- ২০ দলের ছেলেরা। এবার হেরেছে ০-২ গোলে। যুব হকি দল দেখিয়েছে এক দারুণ প্রতিরোধ। রক্ষণভাগের চমৎকার পারফরম্যান্সে প্রথম দুই কোয়ার্টার শক্তিশালী সিনিয়র দলকে সম্পূর্ণ গোলশূণ্য রাখতে সক্ষম হয় তরুণরা। তৃতীয় কোয়ার্টারে এসে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম এবং আমিরুল ইসলামের ২ গোল হজম করে যুবারা।

মোহামেডান ক্লাব পরিদর্শনে ইশতিয়াক

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড পরিদর্শন করেছেন ইশতিয়াক সাদেক। পরিদর্শনকালে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন লোকমান হোসেন ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় দেশের হকির সামগ্রিক উন্নয়ন, ঘরোয়া হকি লিগ নিয়মিতকরণ এবং তরুণ খেলোয়াড় সৃষ্টির বিষয়ে ইতিবাচক আলোচনা করেন। দেশের হকিকে এগিয়ে নিতে মোহামেডান ক্লাবের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর ভূমিকা ও সহযোগিতা আশা করেন বাহফে সাধারণ সম্পাদক। পর্যায়ক্রমে দেশে অন্য ক্লাবগুলোও পরিদর্শন করবেন ইশতিয়াক। মোহামেডান ক্লাবের পক্ষ থেকে দেশের হকির স্বার্থে ফেডারেশনের সকল কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়া হয়।