দক্ষিণ আফ্রিকা লিগে রিশাদ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিগ ব্যাশ-পিএসএলের পর এবার দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-২০ লিগ এসএ-২০তে প্রথমবার দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। বিসিবির অনাপত্তি পেলে রিশাদই হবেন এই প্রতিযোগিতায় খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার।

ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইটিজি রিশাদের পাশাপাশি আরো দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ার মিচেল মার্শকেও। দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সাউথ আফ্রিকার এই লিগের নতুন মৌসুম শুরু হবে আগামী বছর ৯ জানুয়ারি, চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হওয়ার সম্ভাবনা থাকায় রিশাদের খেলা নিয়ে কিছুটা সংশয় আছে বৈকি।

গত পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ১২ উইকেট নিয়েছিলেন রিশাদ। অস্ট্রেলিয়ার টি-২০ লিগেও হোবার্ট হারিকেনসের হয়ে ১১ ইনিংসে ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি। এসএ-২০তে এর আগে তাইজুল ইসলাম দল পেলেও মাঠে নামার সুযোগ পাননি। এবার নিশ্চই রিশাদের ক্ষেত্রে হবে না।