ভোগান্তি পেরিয়ে ম্যাকাইতে বাংলাদেশ

Printed Edition
khela-1
ম্যাকাই বিমানবন্দরে পৌঁছার পর এক প্রবাসী নারী সমর্থক সেলফি তুলছেন পেসার তাসকিন আহমেদের সাথে : ফেসবুক

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে দুই টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটের দারুণ জয় তুলে নেয়ার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন চ্যালেঞ্জ। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইয়ে পৌঁছেছে টাইগারবাহিনী। তবে ৬ ঘণ্টার রাস্তা পেরোতে লেগেছে ১৪ ঘণ্টা। মূলত ফ্লাইট বিলম্বের কারণে ভোগান্তি পেরিয়ে ভেন্যুতে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল। এই যাত্রাপথে নানা ঝক্কি সামলেও শেষ পর্যন্ত দলের গন্তব্যে পৌঁছানোয় স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে।

ডারউইন থেকে ম্যাকাই উদ্দেশে স্থানীয় সময় গতকাল ভোর ৫টার ফ্লাইটে রওনা হয় বাংলাদেশ দল। এরপর স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে পৌঁছেছেন ক্রিকেটাররা। দলের সব সদস্যই ছিলেন একই ফ্লাইটে। বিমানবন্দর ছাড়ার সময় ক্রিকেটারদের চোখেমুখে ক্লান্তির ছাপ দেখা গিয়েছে। তবে সব কিছুকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টেস্টটি এখন শুধু ম্যাচ জয় নয়, স্বাগতিকদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়েরও হাতছানি টাইগারদের সামনে।

ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন একাধিক ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন তানজিদ হাসান তামিম। তিনি খেলেন ১০১ রানের অসাধারণ ইনিংস। বল হাতে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৬ উইকেট নিয়ে অসিদের ব্যাটিংলাইআপে ধসিয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। আর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে মূল কারিগর ছিলেন মেহেদী হাসান মিরাজ। সব মিলে ব্যাটিং-বোলিংয়ে দারুণ ভারসাম্য দেখিয়ে স্বাগতিকদের বিপক্ষে বড় জয় পায় বাংলাদেশ। তবে প্রথম টেস্টের সেই সাফল্য এখন অতীত। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। ২২ থেকে ২৬ আগস্ট হতে যাওয়া এই টেস্টে নতুন করে শুরু করতে হবে বাংলাদেশকে। এটি অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ভেনুগুলোর একটি। এই মাঠে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অন্য দিকে প্রথম টেস্টের লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা থাকবে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে দলেও পরিবর্তন এনেছে তারা। ডারউইনে দুই ইনিংসে ২৩ ও শূন্য রান করা ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে ম্যাথু রেনশকে। দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন তিনি।

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়া নামবে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে, আর ইতিহাস আরো সমৃদ্ধ করার স্বপ্ন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দীর্ঘ যাত্রার ভোগান্তি পেরিয়ে ভেনুতে পৌঁছে এখন বিশ্রাম, অনুশীলন ও কৌশল নির্ধারণেই মনোযোগ টাইগারদের। প্রথম টেস্টের আত্মবিশ্বাসকে সাথে নিয়ে দ্বিতীয় ম্যাচেও একই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যোগ হতে পারে আরো একটি অবিশ্বাস্য অধ্যায়।

স্কোয়াডে এক পরিবর্তন অস্ট্রেলিয়ার

প্রথম টেস্টে ওয়েদারাল্ড ২৩ ও ০ রান করেন, ফলে ছয় ম্যাচে তার মোট রান দাঁড়ায় ২০.৩৬ গড়ে ২২৪। গত মৌসুমের অ্যাশেজ জুড়ে তিনি খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে তার একটি পরিবর্তিত কৌশল দেখা যায়, যা নিয়ে তিনি অফ-সিজনে কাউন্টি ক্রিকেট খেলার সময় অনুশীলন করেছিলেন, কিন্তু কোনো ইনিংসেই তিনি থিতু হতে পারেননি। প্রথম দিনে হাসান মাহমুদের বলে ড্রাইভ করতে গিয়ে এজ করার পর দ্বিতীয় দিনেও একই বোলারের বাহৗরের বল টেনে এনে বোড হন।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে তার বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করে। আনুষ্ঠানিকভাবে সিরিজ শুরুর আগেই দু’টি টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। প্রথম টেস্টের পর, দল নির্বাচনের সিদ্ধান্ত হওয়ার আগেই অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ওয়েদারাল্ডের খেলার ধরনে আসা পরিবর্তনগুলো উল্লেখ করেছিলেন।

ম্যাকডোনাল্ড বলেন, ‘হ্যাঁ, জ্যাকের ব্যাটিং লাইনআপ এবং তার মুভমেন্টের ধরনে কিছু পরিবর্তন ছিল। অল্প সংখ্যক ম্যাচের ওপর ভিত্তি করে কোনো পরিবর্তন কতটা কার্যকর হবে, তা বিচার করা সবসময়ই কঠিন। প্রথম ইনিংসে একটি বল টেনে নিয়ে ড্রাইভ করে আউট হয়েছিলেন। তাই অল্পসংখ্যক ম্যাচের ওপর ভিত্তি করে এটা বলা সম্ভবত আরো কঠিন- চাপের মুখেও এই কৌশলটা কার্যকর থাকবে।’

দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড : ট্র্যাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস ও স্কট বোল্যান্ড।