ইনফান্তিনোর সমালোচনা করে বরখাস্ত

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুরকে বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনার কঠোর সমালোচনা করেছিলেন লামুর। এ ঘটনার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো।

ফিফার এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৭ আগস্ট থেকে লামুরের সাথে সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কাজের সম্পর্কের অবসান হয়েছে। ফিফা তার দুই বছরের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।

এর আগে গত মাসে লামুর ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) পরিকল্পনাকে ‘এক ব্যক্তির প্রকল্প’ বলে সমালোচনা করেন। তিনি বলেন, ফিফার প্রশাসনকে এই প্রকল্প সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছিল। এমনকি তার বক্তব্যের কারণে চাকরি হারাতে হলেও তিনি নিজের অবস্থান থেকে সরে দাঁড়াবেন না বলেও মন্তব্য করেন।

এফএফই পরিকল্পনার মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির অধিকার একটি নতুন প্রতিষ্ঠানের অধীনে নেয়ার প্রস্তাব করা হয়েছিল। প্রতিষ্ঠানটির ২১ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন এর বিরোধিতা করে। পরে পরিকল্পনাটি বাতিল করা হয়।

এ ঘটনায় ইনফান্তিনোর ওপর চাপ আরো বেড়েছে। উয়েফা ও কনকাকাফ আগামী বছরের মার্চে ফিফা সভাপতির চতুর্থ মেয়াদের নির্বাচনে তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। সর্বশেষ স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

এ দিকে ফিফার কর্মকর্তা লামুরের পাশাপাশি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরোও পদত্যাগ করেছেন। ইনফান্তিনোর পুনর্নির্বাচন ঠেকাতে ফুটবল গভর্ন্যান্স সংগঠন ফেয়ারস্কয়ারও ফিফার কাছে আবেদন জানিয়েছে।