ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে পরাজয়ের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। এর প্রভাব এবার দেখা যাচ্ছে গ্যালারিতেও। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের সব সাধারণ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। আগামী শনিবার কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানিয়েছে, ম্যাচটির প্রথম দিনের সাধারণ আসনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। একই দিনে করপোরেট হসপিটালিটি প্যাকেজগুলোর বিক্রিও শেষ হয়েছে।
ম্যাকাইয়ের এই স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১০ হাজার দর্শক ধারণক্ষমতার গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা হবে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। সিরিজে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমতা ফেরাতে হলে জয় ছাড়া বিকল্প নেই স্বাগতিকদের। দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট এখনো পাওয়া যাচ্ছে। তবে অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের সাময়িকী ‘দ্য ইন্ডিয়ান সান’ জানিয়েছে, দ্বিতীয় দিনের টিকিটও দ্রুত শেষ হয়ে আসছে। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে।
এর পেছনে বড় কারণ বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স। ডারউইনে চার দিনজুড়ে আধিপত্য দেখিয়ে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে এমন ঐতিহাসিক সাফল্য পাওয়ায় ক্রিকেটবিশ্বে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। ডারউইনের সেই জয়ের পর অস্ট্রেলিয়ার জাতীয় দলের পারফরম্যান্স নিয়েও সমালোচনা শুরু হয়েছে। দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্ট এখন শুধু সিরিজ বাঁচানোর লড়াই নয়, অস্ট্রেলিয়ার জন্য ঘুরে দাঁড়ানোরও বড় পরীক্ষা।