আবাহনীর কোচ মারুফই মোহামেডানের ভারেল্লা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ফিফার নিষেধাজ্ঞা পরশু রাতেই তুলে নিতে পেরেছে ঢাকা আবাহনী। ফলে তাদের আর এবারের ঘরোয়া ফুটবলে অংশ নিতে বাধা নেই। নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার আগেই তারা দল গঠনে নেমেছিল। এখন তারা কোচ-ম্যানেজারও নিয়োগ দিয়েছে। কোচ হিসেবে দেশসেরা মারুফুল হকই বহাল আছেন। আর ম্যানেজার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় দলের সাবেক ফুটবলার সম্রাট হোসেন এমিলির ছোটভাই স্বপনকে।

এ দিকে চ্যাম্পিয়ন ফাইটিং দল গড়া মোহামেডান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে আর্জেন্টিনার বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেল্লাকে। উয়েফা প্রো লাইসেন্সধারী ৫৫ বছরের ভারেল্লার ক্যারিয়ারে বড় একটা সময় কেটেছে ভারতের ক্লাব ফুটবলে। ২০১৮ সালে দেশটির গোকুলাম কেরালায় যোগ দেন ভারেল্লা। প্রথম মৌসুমেই দলকে কেরালা প্রিমিয়ার লিগ শিরোপা জেতান, আর পরের মৌসুমে এনে দেন মর্যাদাপূর্ণ ডুরান্ড কাপের ট্রফি। ২০২০ সালের জুনে গোকুলাম ছাড়েন তিনি। পরে দায়িত্ব নেন গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্সের এবং সর্বশেষ কোচ হিসেবে কাজ করেছেন স্পোর্টিং ক্লাব দ্য গোয়ায়।