৬৯ ম্যাচের প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু হচ্ছে আগামী ৪ মে। ছয় ভেনুতে হবে এবারের আসর। টুর্নামেন্ট শেষ হবে ১১ জুন। বিসিবি গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবার সিঙ্গল লিগ পদ্ধতির আসর হবে। সময় স্বল্পতার কারণে সুপার লিগের পরিকল্পনা বাদ দেয়া হয়েছে। তবে অবনমন থাকছে। প্রথম বিভাগে নেমে যাওয়া দল চূড়ান্ত করতে রেলিগেশন লিগও হবে। লিগ পর্যায়ে ৬৬টি ম্যাচের সাথে রেলিগেশন লিগে থাকছে তিন ম্যাচ। মোট ৬৯ ম্যাচ।
সপ্তাহখানেক আগেই শেষ হয়েছে লিগের দলবদল। কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৬ বছরের শিরোপা খরা ঘোচাতে এবার মরিয়া ঐতিহ্যবাহী ক্লাবটি। গত মৌসুমের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও আরেক প্রতিষ্ঠিত শক্তি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও খুব একটা পিছিয়ে নেই শক্তিতে।
শুরুতে লিগ না খেলার ঘোষণা দিলেও পরে মতবদল করে দল গোছানো লিজেন্ডস অব রূপগঞ্জ শেষ পর্যন্ত খারাপ করেনি। চমক দেখাতে পারে প্রিমিয়ারে উঠে আসা নতুন দল ঢাকা লিওপার্ডস।