সিলেট চেম্বারের নির্বাচন ৫ নভেম্বর
Printed Edition
সিলেট ব্যুরো
দুই বছরেরও বেশি সময় পর নির্বাচিত নেতৃত্বে ফিরতে যাচ্ছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। দীর্ঘদিনের নেতৃত্ব সঙ্কট, প্রশাসক নিয়োগ, নির্বাচন স্থগিত ও উচ্চ আদালতের নির্দেশনা ঘিরে জটিলতার পর আগামী ৫ নভেম্বর ভোটগ্রহণের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার চেম্বারের হলরুমে প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এ তফসিল ঘোষণা করেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার সাংবাদিকদের তফসিলের বিস্তারিত জানান।
নতুন তফসিল অনুযায়ী, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুসারে দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও ২৪ পরিচালকসহ মোট ২৭ জন নির্বাচিত হবেন। ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হবে। চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ১০ নভেম্বর।
তফসিল অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণ এবং ১৭ সেপ্টেম্বর তা নিষ্পত্তি করা হবে। ২০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। ৩ অক্টোবর প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা এবং ১৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন সভাপতি তাহমিন আহমদ আত্মগোপনে গেলে চেম্বারে নেতৃত্ব সঙ্কট তৈরি হয়। পরে সভাপতি ও চার পরিচালক পদত্যাগ করলে কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এরপর প্রশাসক নিয়োগ করা হয়।
নির্বাচিত নেতৃত্ব ফেরাতে ২০২৫ সালের আগস্টে তফসিল ঘোষণা হলেও ভোটের পাঁচ দিন আগে ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচন স্থগিত করে। পরে এক প্যানেলের প্রার্থীরা হাইকোর্টে রিট করলে ২৯ অক্টোবর আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দেন। তবে আদেশের কপি সময়মতো না পাওয়ায় ১ নভেম্বর ভোট হয়নি।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আয়েশা আক্তার জানান, ৬ সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া পরিশোধ করে সদস্যপদ নবায়ন করলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে। ব্যবসায়ীরা এবার নির্বাচন নির্বিঘেœ সম্পন্ন হওয়ার প্রত্যাশা করছেন।