কারাগার থেকে পালানো ৬৯০ বন্দী এখনো পলাতক

Printed Edition
3rd-4
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই হাজার ২৪৭ বন্দীর মধ্যে এখনো ৬৯০ জন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন। তিনি জানান, পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এ পর্যন্ত এক হাজার ৫৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে পালানো ৮২৬ বন্দীর ১৬৬ জনের কোনো তথ্য বা রেকর্ড পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার বকশীবাজারে কারা সদর দফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক। তিনি বলেন, বর্তমানে দেশে ৭৫টি কারাগার রয়েছে। এর মধ্যে ২১টি কারাগার সংস্কার করা প্রয়োজন। কারাগারে খাবারের পরিমাণ ও মান নিয়ন্ত্রণে ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

কারাগারে মাদক প্রবেশ এবং এতে কারারক্ষীদের সহযোগিতার অভিযোগের বিষয়ে মোতাহের হোসেন বলেন, মাদক ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কারা অধিদফতর ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। গত দুই বছরে এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে বাধ্যতামূলক অবসর এবং ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া ৮৭০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। ছোটখাটো অপরাধে প্রশাসনিক কারণে ৩০৩ জনকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। কারা মহাপরিদর্শক বলেন, কোনো কারারক্ষী মাদকসংক্রান্ত অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। তিনি আরো বলেন, কারাগার শুধু বন্দীদের আটক রাখার স্থান নয়; নিরাপত্তার পাশাপাশি সংশোধন, মানবিকতা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের ক্ষেত্র হিসেবেও এটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও সংশোধন) মো: জাহাঙ্গীর কবিরসহ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।