এনডিসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘এনডিসি কোর্স-২০২৬’ প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে পুলিশ সদর দফতর পরিদর্শন করেছেন। গতকাল সকালে এয়ার ভাইস মার্শাল মো: শফিকুল ইসলামের নেতৃত্বে তারা পুলিশ সদর দফতর পরিদর্শন করেন। এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকিরের সাথে প্রতিনিধিদলের প্রধান এয়ার ভাইস মার্শাল মো: শফিকুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর উভয়ে শুভেচ্ছা স্মারকবিনিময় করেন।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনডিসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন উপলক্ষে অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সদর দফতরের হল অব ইন্টেগ্রেটিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে অনন্য অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রভৃতি প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। এ সময় বাংলাদেশ পুলিশের ইতিহাস, সেবা প্রদান কার্যক্রম, সাম্প্রতিক সময়ে গৃহীত উদ্যোগ ও মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সবশেষে অনুষ্ঠিত হয় প্রশ্ন-উত্তর পর্ব। প্রতিনিধিদলের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের চ্যালেঞ্জ, অপরাধ দমন, সাইবার ক্রাইম, ট্রাফিক ব্যবস্থাপনা প্রভৃতি সম্পর্কে জানতে চান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রতিনিধিদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভাপতির বক্তব্যে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, এনডিসি টিমের এ সফর বাংলাদেশ পুলিশ ও সশস্ত্রবাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করবে। এ ধরনের সফর সশস্ত্রবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বাড়াবে।
প্রতিনিধিদলে সশস্ত্রবাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ ব্যাংক এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, উগান্ডা ও জাম্বিয়ার ৩১ জনসহ ১০৪ জন প্রশিক্ষণার্থী ছিলেন।