শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল তৈরির চিন্তা করা হচ্ছে : শিক্ষামন্ত্রী
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তথ্যপুস্তক পর্যালোচনাবিষয়ক ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সাথে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় নিয়ে তাদের জন্য আলাদা বেতন কাঠামোর প্রয়োজন রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়টি নিয়ে সরকার অনেক ভাবছে। তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা প্রস্তাব আসায় বিষয়টি নিয়ে আলোচনা করতে হচ্ছে। তিনি বলেন, শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র পে-স্কেল করা যেতে পারে, যা অন্য কোনো পেশার সাথে তুলনীয় হবে না। কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষা লাইফলং এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করছি।
মিডডে মিল কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিডডে মিল ইতোমধ্যে চালু হয়েছে। আমরা শিশুদের পুষ্টিকর খাবার দেয়ার চেষ্টা করছি। বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় এ কর্মসূচি চলছে। আশা করছি, চলতি বছরের মধ্যেই আমরা দেশের প্রতিটি উপজেলায় এ কর্মসূচি চালু করতে পারব।