এমপি বাচ্চুর বিরুদ্ধে জমি দখল ও ভুয়া দলিলে ঋণ নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

Printed Edition
3rd-5
ময়মনসিংহ-১১ এর এমপি ফখরুদ্দিন বাচ্চুর বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ করেন ভুক্তভোগীরা : নয়া দিগন্ত

ময়মনসিংহ-১১ আসনের (ভালুকা) এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু কর্তৃক জাল দলিল করে সন্ত্রাসী কায়দায় জমি জবর দখলের পাঁয়তারা, ওই জমি ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেয়া বন্ধ করা ও ভূমিদস্যূতার বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। তারা জানান, ভালুকা উপজেলার বাশিল মৌজার এস এ খতিয়ান ২০ এর মালিক ছিলেন আমাদের দাদা মৃত মদন শেখ। তার মৃত্যুর পর আমাদের বাবা ছফির উদ্দিনের নামে ৩৩৯ নং বিআরএস খতিয়ানে মোট ৮ দাগে ২ একর ৯৬ শতাংশ জমি লিপিবদ্ধ হয়। ছফির উদ্দিন মৃত্যুকালে দুই স্ত্রী, ছয় ছেলে এবং চার মেয়েসহ মোট ১২ জন ওয়ারিশ রেখে যান। সর্বশেষ ছফির উদ্দিন ২০২৪-২৫ অর্থ বছরের ৩৩৯ খতিয়ানের ২ একর ১৯ শতাংশ জমির খাজনা খারিজ পরিশোধ করেছেন।

কিন্তু গত ৮ আগস্ট হঠাৎ দেখতে পাই স্যুট-টাই পরিহিত একদল লোক আমাদের জমি অডিট/পরিদর্শন করছেন। কাছে গিয়ে জানতে পারলাম, তারা প্রিমিয়ার ব্যাংক, ঢাকা বনানী শাখার অফিসার। আমাদের এই জমি এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ব্যাংকে বন্ধক রেখে শত কোটি টাকা ঋণ নিচ্ছেন। আমরা ওয়ারিশরা এবং এলাকাবাসী মিলে ব্যাংকের লোকজনকে অডিট/পরিদর্শনে বাধা দেই এবং তীব্র প্রতিবাদের মুখে তারা ঘটনাস্থল ত্যাগে বাধ্য হন। পরে ইউনিয়ন ভূমি অফিস, সাব রেজিষ্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি) অফিস তল্লাশি দিয়ে এবং দলিলাদি উত্তোলন করে জানতে পারি, এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ছফির উদ্দিনের ৩৩৯ নং বিআরএস খতিয়ানের ভুয়া মালিকানার ওয়ারিশান সার্টিফিকেট বানিয়ে একটি সম্পূর্ণ জাল দলিল করেছেন। সেই জাল দলিলের ২ একর ১৯ শতাংশ জমিও আবার নামজারি করেন তার মালিকানাধীন ভাওয়াল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের অনুকূলে।

সংবাদ সম্মেলনে ভূমিলিপ্সু এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিচার, জাল দলিল বাতিল এবং জাল দলিল ব্যাংকে বন্ধক রেখে যাতে ঋণ না নিতে পারে এ ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভূমি মন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। বিজ্ঞপ্তি।