ছাত্র সংসদের দাবিতে অনশনরত বেরোবির ৪ শিক্ষার্থী অসুস্থ

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

স্থান

রংপুর

Printed Edition
bangla-3
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বেরোবির শিক্ষার্থীদের অনশন : নয়া দিগন্ত

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন অব্যাহত রেখেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা। সোমবার অনশনরত শিক্ষার্থীদের মধ্যে চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে শিক্ষার্থীরা অনশন না ভাঙা পর্যন্ত বাসায় না যাওয়ার ঘোষণা দিয়েছেন ভিসি শওকাত আলী। টানা দুই দিনের অনশনে খাবার না খাওয়ায় অসুস্থ হয়ে পড়া চার শিক্ষার্থী হলেন সমাজবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ এবং গণিত বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন। তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পরায় জয় ও মাহিদকে রংপুর কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকার একটি কমিটি করলেও ১৭ দিনে ওই কমিটি একটি মিটিংও করতে পারেনি। এটি ইউজিসি, সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। তারা বলেন, প্রশাসন, ইন্টেরিম সরকার ও ইউজিসি শিক্ষার্থীদের সাথে তামাশার কারণে শিক্ষার্থীরা এখন মরণাপন্ন। আমার ভাইদের কিছু হলে শহীদ আবু সাঈদের ক্যাম্পাস থেকেই আবার নতুন বিপ্লব শুরু করব। ভিসি জানান, সরকারের গঠিত কমিটির রিপোর্ট গেজেট আকারে প্রকাশ হলেই তিনি রোডম্যাপ ঘোষণা করবেন। প্রসঙ্গত, রোববার প্রশাসন ভবনের সামনে ছাত্র সংসদ নির্বাচন আইন গেজেটভুক্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা।