কুমিল্লায় ভ্যাট কর্মকর্তা বুলেট হত্যা
চলন্ত অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ডাকাত দল
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে বুনিয়াদি প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হওয়া ভ্যাট কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র্যাব। বাহিনীটি জানিয়েছে, মধ্যরাতে বাস থেকে নামার পর ওঁৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কবলে পড়ে নির্মম হত্যার শিকার হন তিনি।
র্যাব জানায়, ছিনতাইকারীদের আঘাত এবং চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বুলেট বৈরাগীর। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মো: সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং সুজন। কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য। সবার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।
গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন বুলেট বৈরাগী। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। তখন নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।