মামুনুল হকের সাথে ইরানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition
3rd-2
ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশার রেপ্লেকা দেন মাওমালা মামুনুল হক : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ইরানের হাইকমিশনার জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। গতকাল সোমবার দুপুরে ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের কার্যালয়ে মাওলানা মামুনুল হকের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে মাওলানা মামুনুল হক হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেলবাহী জাহাজগুলো যাতে নির্বিঘেœ ও নিরাপদে চলাচল করতে পারে, সে বিষয়ে ইরানকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান। ইরানের হাইকমিশনার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি নিজ দেশে ইতিবাচক বার্তা পাঠানোর আশ্বাস দেন।

বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরানের ওপর আমেরিকা ও ইসরাইলি আগ্রাসন এবং বৈশ্বিক জ্বালানি সঙ্কটসহ সমসাময়িক আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

মাওলানা মামুনুল হক ইরানের ওপর পরিচালিত সাম্প্রতিক হামলাগুলোকে মুসলিম উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি ইরানের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন।

আলোচনাকালে ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।