লন্ডনে আততায়ীর গুলিতে সিলেটের যুবক খুন
Printed Edition
সিলেট ব্যুরো
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে আততায়ীর গুলিতে মাছুম আহমদ (৪০) নামে সিলেটের এক যুবক খুন হয়েছেন।
মাছুম সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের বাসিন্দা আমির আলীর ছেলে। সোমবার লন্ডন সময় রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ব্যক্তিগত জীবনে বিবাহিত মাছুম আহমদ এক কন্যা সন্তানের জনক। তিনি একদম শৈশবেই বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানেই তিনি বসবাস করে আসছিলেন।
বিশ্বনাথে নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে মাছুমের মৃত্যুর খবর দেশে পৌঁছায়।
যুক্তরাজ্যে বসবাসরত মাছুম আহমদের ছোট ভাই মানিক মিয়া জানান, স্থানীয় সময় রাত ৪টার দিকে তাদের বাসায় পুলিশ আসে। দরজা খোলার পর পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। পরে পুলিশ মাছুমের ছবি দেখতে চায়। ছবি দেখানোর পর পুলিশ তাদের জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।