বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে : ভারতের মুখপাত্র

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

ভারত সফরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

গতকাল দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে ভারত আসছেন কিনা? তিনি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেবেন কিনা ?

জবাবে মুখপাত্র বলেন, ভারত সফরের জন্য আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি। এ সফর নিয়ে কোনো অগ্রগতি থাকলে আপনাকে যথাসময়ে জানাবো।

বাংলাদেশ অতিরিক্ত আট হাজার টন ডিজেল রফতানির জন্য অনুরোধ জানিয়েছিল। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? ভারতের সহায়তায় বাংলাদেশের অবকাঠামো প্রকল্পগুলো আবারো চালু হচ্ছে কিনা- এ সব প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাথে আমাদের চলমান জ্বালানি সহযোগিতা রয়েছে। দেশটি থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের যে অনুরোধ এসেছে সেটা আমরা ভারতের চাহিদা, জ্বালানি শোধনাগারের সক্ষমতা এবং প্রাপ্যতা বিবেচনায় সিদ্ধান্ত নেবো।

এদিকে দেশে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো অগ্রগতি নেই।