অবশেষে বদলি নিকলীর বিতর্কিত এসিল্যান্ড স্থানীয়দের স্বস্তি প্রকাশ

Printed Edition

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তকে বদলি করা হয়েছে। একই দিনে জেলা প্রশাসকের (ডিসি) বদলির আদেশও জারি হওয়ায় প্রশাসনিক পরিবর্তনকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ১৫ এপ্রিল জারি হওয়া আদেশে প্রতীক দত্তকে ফরিদপুরের মধুখালী উপজেলায় বদলি করা হয় বলে জানা গেছে। তার বদলির খবরে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করলেও কিছু সুবিধাভোগীর মধ্যে অস্বস্তি দেখা দেয়। তবে বিভিন্ন মহলে মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছে বলে জানা যায়।

২০২৫ সালের ১৩ মার্চ নিকলীতে যোগদানের পর থেকে প্রতীক দত্তের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির একাধিক অভিযোগ ওঠে। স্থানীয় সেবা প্রত্যাশী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। অভিযোগ রয়েছে, ভূমিসংক্রান্ত কার্যক্রমে অনিয়ম এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অতিরিক্ত কঠোরতার বিষয়েও বিতর্ক সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদলির খবরে বিভিন্ন শ্রেণিপেশার ভুক্তভোগীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে স্বস্তির প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে প্রতীক দত্তের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছি। অন্য অভিযোগের বিষয়ে তিনি মন্তব্য এড়িয়ে যান।

নিকলীর ইউএনও রেহেনা মজুমদার মুক্তির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে প্রশাসনিক পরিবর্তনের ফলে নিকলীর স্থানীয় প্রশাসনে নতুন করে কাজের গতি ও শৃঙ্খলা ফিরে আসবে বলে অনেকে আশা প্রকাশ করেছেন।