কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক বরখাস্ত

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গতকাল কমলাপুর শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শনে আসেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় স্টেডিয়ামের বেহালদশা দেখে প্রশাসককে সাময়িক বরখাস্ত করেন তিনি। একই সাথে সেখানে বরাদ্দ দেয়া সব দোকানের চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, জাতীয় ক্রীড়া পরিষদের একটি প্রতিনিধিদল স্টেডিয়ামে যাবে। তারা দোকানগুলো ছেড়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবে।

স্টেডিয়ামের সার্বিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আমিনুল হক বলেন, ‘স্টেডিয়ামে এসে আমি হতাশ হয়েছি। একটি ক্রীড়া স্থাপনার পরিবেশ কখনো এমন হতে পারে না। ব্যবস্থাপনায় পর্যাপ্ত জনবল না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।’

খেলোয়াড় ও সংবাদকর্মীদের সুযোগ-সুবিধার বেহালদশার কথাও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, খেলোয়াড়দের জন্য তৈরি স্টেডিয়ামের ড্রেসিংরুম ও শৌচাগারের পরিবেশ অত্যন্ত খারাপ। প্রেসবক্সের অবস্থাও সন্তোষজনক নয়। সিঁড়ির নিচেসহ বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে রয়েছে- যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।