মাঠের বল সড়কে গিয়ে ঘটাল দুর্ঘটনা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ফুটবল ম্যাচে খেলা থামার কারণের অভাব নেই। কখনো মাঠে দর্শক ঢুকে পড়েন। বেশি ঝড়বৃষ্টিতেও খেলা বন্ধ হয়। এবারের ফিফা বিশ্বকাপে তো ‘হাইড্রেশন ব্রেক’ও দেখা গেল। কিন্তু উরুগুয়ের দ্বিতীয় বিভাগের এক ম্যাচে খেলা থামল একেবারেই অন্য কারণে। শুধু যে নিজেদের খেলা থেমেছে তা নয়, বরং রাস্তার গাড়ি চলাচলও থামিয়ে দিয়েছে এই খেলা।
উরুগুয়ের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে মন্টেভিডিও ও পায়সান্দুর। খেলা হচ্ছিল এস্তাদিও পার্কে এএনক্যাপে। স্বাভাবিক গতিতে চলা ম্যাচের ২৪ মিনিটে এক ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে গিয়ে এত জোরে মেরে বসেন, তা উড়ে যায় মাঠের সীমানার বাইরে ব্যস্ত সড়কে। রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল একটি সাদা গাড়ি। হঠাৎ সামনে ফুটবল! চালক সাথে সাথে জোরে ব্রেক কষলে গাড়ি থেমে গেল ঠিকই। কিন্তু পেছনের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে লেগে যায় সংঘর্ষ।
ঘটনাটি ধরা পড়ে সম্প্রচারকারী লাইভ টেলিভিশন ক্যামেরায়। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এই ঘটনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িগুলোর সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক বা যাত্রীদের কেউ গুরুতর আহত হননি।