ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Printed Edition
back-5
ঝালকাঠির পেয়ারাবাগান পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত : নয়া দিগন্ত

আতিকুর রহমান ঝালকাঠি

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

রোববার সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সাথে নিয়ে তিনি ঝালকাঠির ভীমরুলী এলাকার ভাসমান পেয়ারার বাজার ও বিভিন্ন পেয়ারা বাগান ঘুরে দেখেন। তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সাথে কথা বলেন এবং তাদের কাছ থেকে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে বিভিন্ন তথ্য জানেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে। এখানকার বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং উৎপাদিত পেয়ারার গুণগত মানও আমাকে আকৃষ্ট করেছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা চাষ হয়ে থাকে। দেশটির ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন করা হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রফতানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি তার দেশের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন বলেও জানান।

ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। রাষ্ট্রদূতের এ পরিদর্শন স্থানীয় পেয়ারা চাষিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বাগান মালিকরা।