পরিকল্পিতভাবে ইনফান্তিনোকে হেয় করার অভিযোগ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ‘পরিকল্পিত ও ধারাবাহিকভাবে’ দুর্বল করার চেষ্টা চলছে। এমন অভিযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত পরশু দেয়া এক বিবৃতিতে ফিফা বলেছে, সভাপতির নেতৃত্ব চ্যালেঞ্জ করতে হলে সংস্থার বিধি, গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্ধারিত কাঠামো মেনেই তা করতে হবে।

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ইউরোপীয় ফুটবল মহলে বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে। ফিফার বাণিজ্যিক অধিকার থেকে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহের একটি প্রস্তাব ভেস্তে যাওয়ার পর থেকেই এই সঙ্কট শুরু হয়। প্রস্তাবটি অনুযায়ী বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির অধিকার পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের কথা ছিল। এর ২১ শতাংশ অংশ বেসরকারি বিনিয়োগকারীর কাছে বিক্রির পরিকল্পনা ছিল।

এই উদ্যোগের বিরোধিতা করে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং কয়েকটি জাতীয় ফুটবল ফেডারেশন। উয়েফা জানিয়েছে, ইনফান্তিনোর ওপর তাদের আর আস্থা নেই। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেসও তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

এর মধ্যেই ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি টেলিগ্রাফ’ দাবি করে, উয়েফার মহাসচিব থাকাকালে ইনফান্তিনোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন এক সাবেক কর্মীকে উয়েফা আর্থিক সুবিধা দিয়েছিল। ইনফান্তিনো অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। ফিফাও এসব দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

উয়েফা অবশ্য স্বীকার করেছে, ওই ব্যক্তিকে চাকরি ছাড়ার সময় একটি অর্থ দেয়া হয়েছিল এবং স্থানীয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এমবিএ পড়ার খরচও পরিশোধ করা হয়েছিল। ফিফা বলেছে, সাম্প্রতিক প্রতিবেদনে ‘ভিত্তিহীন দাবি ও স্পষ্টত মিথ্যা তথ্য’ রয়েছে। ভুল বা বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশিত হলে তা সরাসরি ও কঠোরভাবে মোকাবেলা করার কথাও জানিয়েছে সংস্থাটি।

তবে ইনফান্তিনো এখনো ফিফার বেশির ভাগ সদস্যের সমর্থন পাচ্ছেন। আফ্রিকা অঞ্চলের ৫৪টি দেশের সংগঠন সিএএফ সর্বসম্মতভাবে তার নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে। দক্ষিণ আমেরিকার কনমেবলও বলেছে, ২১১ সদস্যের ভোট ছাড়া তাকে সরানোর কোনো উদ্যোগ তারা মেনে নেবে না। মেক্সিকোর ফুটবল ফেডারেশনও ইনফান্তিনোর পক্ষে অবস্থান নিয়েছে। আগামী মার্চে মরক্কোয় ফিফা কংগ্রেসে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে সভাপতি হওয়ার সম্ভাবনার ওপরও বর্তমান সঙ্কটের প্রভাব পড়তে পারে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে লড়তে পারে এমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী সামনে আসেনি।