বকেয়া ফি নিয়ে সালাহর বিরুদ্ধে মামলা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর বিরুদ্ধে মামলা হয়েছে। বকেয়া আইনি ফি পরিশোধ না করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন মিসরের একটি আদালত। আগামী ৬ সেপ্টেম্বর হাজিরার দিন ধার্য করা হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোর্সি আবদেল তাওয়াব সালাহর বিরুদ্ধে বকেয়া ফি আদায়ের দাবিতে মামলা করেন। ওই আইনজীবীর দাবি, তিনি দীর্ঘ দিন সালাহর পক্ষে বিভিন্ন আইনি, প্রশাসনিক ও পরামর্শমূলক কাজ করেছেন এবং আদালতের নথিপত্রও সামলেছেন। তবে এসব সেবার বিপরীতে তার প্রাপ্য পারিশ্রমিক পরিশোধ করা হয়নি।

আদালতের নথি অনুযায়ী, ২০১২ সালে সালাহর দেয়া একটি সাধারণ ক্ষমতাপত্রের ভিত্তিতে ওই আইনজীবী কাজ করতেন। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সেই ক্ষমতা কার্যকর ছিল। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। বকেয়া ফি ছাড়াও আর্থিক ও মানসিক ক্ষতিপূরণ দাবি করেছেন ওই আইনজীবী।

তবে মামলায় বকেয়া ফি ও আইনজীবীর করা অন্য দাবিগুলো অস্বীকার করেছেন সালাহ।