রাসিক সাবেক মেয়র লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

গতকাল ট্রাইব্যুনাল-২ এই অভিযোগ আমলে নেয়ার নির্দেশ দেন। এর আগে গত ৩০ জুলাই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছিল রাষ্ট্রপক্ষ।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে রায়হান আলী ও আনজুম সাকিব নামের দুই আন্দোলনকারীকে হত্যা এবং বহু মানুষকে গুরুতর আহত করার ঘটনায় এই মামলাটি করা হয়।

মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ মোট চারজন আসামি বর্তমানে গ্রেফতার রয়েছেন। আদালত আগামী ২৩ আগস্ট তাদের ট্রাইব্যুনাল-২ এ হাজির করার নির্দেশ দিয়েছেন।

অন্য দিকে রাসিকের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ মামলার ৩৪ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। ট্রাইব্যুনাল-২ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আগামী ২৩ আগস্টের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।