জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ নিয়ে সংসদীয় কমিটির প্রথম বৈঠক
Printed Edition
সংসদ প্রতিবেদক
মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও ত্যাগের যথাযথ মূল্যায়নের বিষয়কে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দফতর-সংস্থার কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। একই সাথে জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতরের কার্যক্রমও উপস্থাপন করা হয়।
গতকাল জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো: মনিরুল হক চৌধুরী এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতরের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির কাছে তুলে ধরেন।
বৈঠকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বর্তমান কার্যক্রম, দায়িত্ব ও কর্মকৌশল সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। নতুন সংসদের শুরুতে স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব দফতর-সংস্থার কার্যক্রম উপস্থাপনের মধ্য দিয়ে মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে সংসদীয় পর্যায়ে পর্যালোচনার প্রক্রিয়া শুরু হলো।
বৈঠক শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণ করা হয়। নিহতদের রূহের মাগফিরাত কামনায় কমিটির সভাপতি মো: মনিরুল হক চৌধুরী নিজেই মুনাজাত পরিচালনা করেন।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এমপি, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, মো: ফজলুর রহমান এমপি, মো: আবদুল হান্নান এমপি, আমীর এজাজ খান এমপি এবং রোকেয়া বেগম এমপি অংশ নেন।
এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দফতর, অধিদফতর ও সংস্থার প্রধানরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।