ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে : মামুনুল হক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনে ইসলামপন্থী ও সৎ-যোগ্য ব্যক্তিদের ব্যাপকভাবে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, সৎ ও যোগ্য ব্যক্তিরা নির্বাচনী প্রতিযোগিতা থেকে দূরে থাকলে দুর্নীতিবাজ, অসৎ ও কমিশননির্ভর ব্যক্তিদের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ তৈরি হবে। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে দলটির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তৃণমূলের প্রার্থী বাছাই কমিটি’র সভায় তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সৎ, যোগ্য এবং জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের নির্বাচনে এগিয়ে আসতে হবে। একইসাথে নির্বাচনে অর্থশক্তি ও প্রভাবশালী মহলের আধিপত্য কমাতে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের উদাসীনতা ও নিষ্ক্রিয়তার কারণে অনেক সময় জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীরা প্রতিযোগিতায় যথাযথভাবে উঠে আসার সুযোগ পান না। এটি কমিশনের দায়িত্ব পালনে ব্যর্থতার শামিল বলেও মন্তব্য করেন তিনি।
মামুনুল হক বলেন, শুধু নির্বাচন কমিশনের ওপর নির্ভর না করে রাজনৈতিক দল ও ইসলামপন্থী সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও স্থানীয় সমস্যার সমাধানে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তিনি বলেন, একজন সৎ মানুষ নির্বাচনে না এলে একজন কমিশনখোর চেয়ারম্যান, দুর্নীতিবাজ পৌর মেয়র বা চাঁদাবাজ সিটি মেয়র হওয়ার সুযোগ পেতে পারেন। তাই জনগণের কল্যাণ ও দেশের স্বার্থে যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে প্রার্থী বাছাইয়ের আহ্বান জানান তিনি। সভায় দলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনসহ নির্বাচন পরিচালনা ও প্রার্থী বাছাই কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।