সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
রূপগঞ্জে অস্ত্র উদ্ধার
ঢাকা মহানগরীতে প্রশাসনের বিভিন্ন বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার সন্ত্রাসী ইমরান (২৭) ও তার সাত সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপি। গ্রেফতারকৃরা হলেন- ইমরান (২৭), মো: তৈয়ব আলী সর্দার (৪৫), পাভেল সর্দার (৩৩), সাইফুর রহমান (৪৫), রাব্বি আলম (২৪), নুরুল ইসলাম (৩৩) ও মো: ইসমাইল (২৮)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়- চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি রোধকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে নিবারণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে অপরাধী ও তাদের অপরাধ প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
ডাল ফসলের গবেষণা কর্মশালা
বরিশাল ও ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের গবেষণা সম্প্রসারণ ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা গতকাল মাদারীপুরে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শহরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের হলমুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক ড. মো: মঞ্জুরুল কাদির। ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএআরআইর পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো: মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) ফরিদপুরের অতিরিক্ত পরিচালক মো: খয়ের উদ্দিন মোল্লা এবং বরিশালের আঞ্চলিক গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুরের ডাল গবেষণা কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল ও ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. সেলিম আহম্মেদ, বাংলাদেশ পরমাণুু কৃষি গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জের মো: হারুনুর রশীদ, ডিএই বরগুনার অতিরিক্ত উপপরিচালক সি এম রেজাউল করীম, বিএআরআই পটুয়াখালীর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খাইরুল বাশার প্রমুখ। বরিশাল ব্যুরো।
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে মো: আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আজাদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো: ছাদেকুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালত আসামি আজাদকে দোষী সাব্যস্ত করেন। রায় ঘোষণার পর নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর এ রায়ের মাধ্যমে তারা ন্যায়বিচার পেয়েছেন। একই সাথে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। কুমিল্লা প্রতিনিধি।
পুলিশ কনস্টেবলসহ ৪ জন আটক
নরসিংদীর বেলাব উপজেলার বেলাবতে মাদক কারবারিদের সাথে মাদক সেবনকালে শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। গত সোমবার রাতে উপজেলার মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন, বেলাব থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, বেলাব মাটিয়ালপাড়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মো: আতস আলীর ছেলে রকি (২৮) ও মৃত মজনু মিয়ার ছেলে মো: বাদল (৩৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সাথে পুলিশ কনস্টেবল সামসুল ইসলামসহ বেশ কয়েকজন মাদক সেবনে লিপ্ত হন। ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। আটকৃত সামসুল ইসলাম বেলাব থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। নরসিংদী প্রতিনিধি।
ডা: আশরাফ পেলেন জাতীয় পদক
সখের বসে করা খামার কেবল আর্থিক সফলতাই নয় বরং এখন দেশসেরা হয়ে অর্জন করেছে জাতীয় পদক। অজোপাড়া গাঁয়ে গড়ে ওঠা খামারটি এখন বেকার যুবক ও উদ্যোক্তাদের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে। দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুরে ডা: আশরাফ ফিসারিজ নামে ছোটো খামার সখের বসে শুরু করেন ওই গ্রামের মোহাম্মদ নুর নবী মিয়া ও ফাতেমা রওশন আফরোজের ডাক্তার ছেলে মোহাম্মদ আশরাফুল ইসলাম। রাজধানীর পিজি হাসপাতালের নাক, কান, গলা বিভাগের এ সহযোগী অধ্যাপক এবার জাতীয় মৎস্য পদক পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন দেশব্যাপি। গত রবিবার জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে পদক তুলে দেন। চিকিৎসা পেশার পাশাপাশি শখের বসে করা তার এ মৎস্য খামারের এমন সাফল্যে খুশি গ্রামবাসীও। ফেনী অফিস।
বিএনপি কার্যালয়ে বোমা হামলা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বোমা হামলা হয়েছে। গত শনিবার রাতে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় এই ঘটনা ঘটে। সেখানে দু’টি বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। এ ছাড়া ঘটনাস্থল থেকে দু’টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে দাবি করা হলেও তার নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি বিএনপি নেতারা। ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী জানান, রাতের কোনো একসময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার দু’টি বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে। সাতক্ষীরা প্রতিনিধি।
কাহালু পৌরসভা খ শ্রেণীতে উন্নীত
বগুড়ার কাহালু পৌরসভা ‘গ’ শ্রেনী থেকে ‘খ’ শ্রেনীতে উন্নিত হয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমের পানি নিস্কাশ, জনবসতি এলাকায় মাছের হ্যাচাড়ি, রাস্তার বেহাল দশা, লাইটিং ব্যবস্থা অবনতি, ফুটপাথ দখল ও যানজটে পৌরবাসীর দূর্ভোগ চরমে। পৌরবাসী আশা করেছিল কাহালু পৌরসভা অবহেলিত ‘গ’ শ্রেনী থেকে যখন ‘খ’ শ্রেনীতে উন্নতি হয়েছে, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে। কিন্তু কাগজ কলমে ‘খ’ শ্রেনীতে উন্নিত হলেও সেবার মান নিয়ে পৌরবাসীর মধ্যে চাপা ক্ষোভ লক্ষ করা যাচ্ছে। এ ব্যাপারে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানমের সাথে মোবাইলে কথা বলার জন্য একাধিক বার কল করা হলেও তিনি মোবাইল রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। কাহালু (বগুড়া) সংবাদদাতা।
কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আদালত পাড়ার মরহুম আব্দুল খালেকের বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সচেতন ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন করেছেন কলেজ শিক্ষার্থীরা। গত সোমবার নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসমামুল হক ভূইয়া। বক্তব্য রাখেন- নূরে আলম সিয়াম, মো: তামিম, হাসান, মো: রাকিব প্রমুখ। গত শুক্রবার নবীনগর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীর দুই ছাত্রের মধ্যে সিটে বসাকে কেন্দ্র করে তর্ক বিতর্কের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।