খুলনা প্রেস ক্লাবে বহিরাগতদের মহড়া সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা প্রেস ক্লাবে বহিরাগত সন্ত্রাসীদের মহড়া এবং কর্তব্যরত সাংবাদিকদের হুমকি প্রদানের ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রোববার রাতে খুলনা সদর থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা হয়। গতকাল সোমবার দুপুরে মানববন্ধন পালিত হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ যাচাই করে কয়েকজনকে চিহ্নিত করেছে। তবে এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। ৩০ এপ্রিল খুলনা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে বানচাল করতে একটি মহলের ইন্ধনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ সাংবাদিক নেতাদের।

ঘটনার প্রতিবাদে ক্লাবের সদস্যরা রোববার রাতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে এবং গতকাল সোমবার দুপুরে একই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেন। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। ঘটনার সাথে জড়িতরা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে ফুটেজ থেকে দেখা গেছে। খুলনা বিএনপির শীর্ষ নেতারা জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, রোববার বিকেল ৬টার দিকে ২০-২৫ জন ব্যক্তি খুলনা প্রেস ক্লাব চত্বরে প্রবেশ করে আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ারকে খুঁজতে থাকে। ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের উচ্ছৃঙ্খল ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ করলে বহিরাগতরা বাকবিতণ্ডায় লিপ্ত হয়। সেখানে অবস্থানরত সাংবাদিক ও বহিরাগতদের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তারা প্রেস ক্লাব থেকে বেরিয়ে যায়।

রাতে খুলনা সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারে বাদি প্রেস ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত উল্লেখ করেন, সন্ধ্যা ৬টা ৫মিনিটের দিকে কয়েকজন সন্ত্রাসী বেআইনিভাবে দেশী অস্ত্রসহ খুলনা প্রেস ক্লাবে প্রবেশ করে। এ সময় তারা কয়েকজন সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাদের মারপিট করে। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন রিপন আকন, গাউস, হালিম ও মিজান। এ ছাড়া আরো ২০-২৫ জন অজ্ঞাত আসামি রয়েছে।