অগ্নিদগ্ধ শিশু নিশনা চাকমাকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

Printed Edition

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির লীছড়ি উপজেলার বার্মাছড়ি ইউনিয়নের কান্দব পাড়ায় অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হওয়া আট বছর বয়সী শিশু নিশনা চাকমার চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লীছড়ি জোন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি বার্মাছড়ি আর্মি ক্যাম্পসংলগ্ন কান্দব পাড়ায় নিজ বাড়িতে রান্নার সময় শিশুটির পোশাকে আগুন ধরে যায়। এতে তার শরীরের উল্লেখযোগ্য অংশ দগ্ধ হয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা তাৎণিকভাবে তাকে লীছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার আরো অবনতি হলে গত ১৮ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

খবর পেয়ে লীছড়ি জোনের একটি টহল দল বৃহস্পতিবার সকালে কান্দব পাড়ায় শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে। এ সময় জোনের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা খরচ হিসেবে আর্থিক অনুদান দেয়ার পাশাপাশি তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয়া হয়।

জোন কর্তৃপক্ষ জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি মানবিক সহায়তা প্রদান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।