জেদ্দা বন্দর ও রিয়াদের মেট্রো উন্নয়নে সৌদির সাথে ফরাসি কোম্পানির চুক্তি
Printed Edition
ফ্রান্স থেকে প্রতিনিধি
সৌদি আরব ও ফ্রান্সের মধ্যে পরিবহন ও অবকাঠামো খাতে প্রায় এক বিলিয়ন ইউরোর দু’টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ফ্রান্স সফরের সময় গত ২৪ আগস্ট প্যারিসে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিগুলোর একটি লোহিত সাগরের তীরে অবস্থিত জেদ্দা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন নিয়ে, অন্যটি সৌদি রাজধানী রিয়াদের মেট্রো-ব্যবস্থার সম্প্রসারণ ও নতুন ট্রেন সরবরাহ নিয়ে।
ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এলিজে প্রাসাদ জানিয়েছে, সৌদি আরবের সাথে ফরাসি প্রতিষ্ঠান সিএমএ, সিজিএম এবং আলস্টমের চুক্তির মোট মূল্য প্রায় এক বিলিয়ন ইউরো। এসব চুক্তিকে সৌদি আরবের পরিবহন অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং দেশটিকে বৈশ্বিক লজিস্টিকস বা পণ্য পরিবহনব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
চুক্তির প্রথমটি করা হয়েছে বিশ্বের অন্যতম বড় সমুদ্রপথে পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান সিএমএ সিজিএম এবং জেদ্দা বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল বা আরএসজিটির মধ্যে। এর আওতায় লোহিত সাগরের তীরে অবস্থিত জেদ্দা বন্দরে একটি নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হবে। এ প্রকল্পে প্রায় ৪৩৪ মিলিয়ন মার্কিন ডলার বা বর্তমান বিনিময় হারে প্রায় ৩৭২ মিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে।
প্রকল্পটির মাধ্যমে জেদ্দা বন্দরের অবকাঠামোগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নতুন টার্মিনালে গভীর পানির নতুন জাহাজ নোঙরের স্থান বা জেটি নির্মাণ করা হবে। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় কনটেইনারবাহী জাহাজগুলোও সেখানে সরাসরি নোঙর করতে পারবে। পাশাপাশি বন্দরের কনটেইনার ওঠানামা ও সংরক্ষণের সক্ষমতা বছরে প্রায় ২৬ লাখ টিইইউ অর্থাৎ টুয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট, বাড়বে। এর মাধ্যমে বছরে প্রায় ২৬ লাখ ২০ ফুট দৈর্ঘ্যের সমমানের কনটেইনার অতিরিক্তভাবে পরিচালনা করা সম্ভব হবে।