বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন
Printed Edition
বিশেষ সংবাদদাতা
সরকার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) মো: সরোয়ার হোসেনকে নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নিয়োগের পর তিনি আগামী তিন বছর চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী মো: সরোয়ার হোসেনকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। মো: সরোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি নির্বাহী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের নীতি প্রণয়ন, ব্যাংক তদারকি এবং আর্থিক খাত-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।