মাদারীপুরে ৩৩ কেভির খুঁটির যন্ত্রাংশ চুরি

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (জোপাডিকো) ৩৩ হাজার বিদ্যুৎ ভোল্টের টাওয়ারের স্টিলের খুঁটির যন্ত্রাংশ চুরি করে নিয়ে চোরচক্র। গতকাল রোববার দুপুর ১২টার দিকে মাদারীপুর পৌরসভার ৪ ওয়ার্ডের ২ নং শকুনী মৌজার আলী কাজী সড়কে ঘটে এ ঘটনা। এরই মধ্যে বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, ভেঙে গেলে বন্ধ হয়ে যেতে পারে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ।

ওজোপাডিকোর মাদারীপুরের উপবিভাগীয় প্রকৌশলী ফেরদাউস আল জাহিদ জানান, দিনদুপুরে স্টিলের খুঁটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরচক্র। টাওয়ারের চারটি খুঁটির দু’টি খুলে নিয়ে গেছে। এতে খুঁটি ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। পরে সদর মডেল থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়ার আশ^াস দেয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।