জুনিয়র কুস্তিতে এবার দলের সংখ্যা কমেছে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

এখন পর্যন্ত নিজস্ব কোনো ভেনু পায়নি বাংলাদেশ কুস্তি ফেডারেশন। ফলে কখনো হ্যান্ডবল স্টেডিয়ামে কখনো রোলার স্কেটিং কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজন করতে হয় বাংলাদেশ রেসলিং ফেডারেশনকে। এবারের ৩০তম জাতীয় জুনিয়র বালক ও বালিকা কুস্তির ভেনু রোলার স্কেটিং কমপ্লেক্স। গতকাল শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হবে আজ। তবে সারা দেশ থেকে আসা উঠতি কুস্তিগিদের ভিড় আর ম্যাচের সময় দর্শকদের কোলাহলে মুখরিত রোলার স্কেটিং প্রাঙ্গণ। তবে এবার দলের সংখ্যা কমেছে। গত আসরে ছিল ২২ জেলার অংশ গ্রহণ। এবার এই সংখ্যা ১৮তে নেমেছে। জানান বাংলাদেশ রেসলিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মোবিন ফাইটার। অবশ্য সিনিয়র কুস্তিগির আলী আমজাদ জানান, এবার কুস্তিগিরের সংখ্যা বেশি।

নির্দিষ্ট ওজন শ্রেণীতে বেশি ওজনের কুস্তিগির খেলানোর অভিযোগ করেছেন কুড়িগ্রাম থেকে আসা এক কুস্তি সংগঠক। তবে এই কুস্তিগিরদের দেখেও বুঝা যাচ্ছিল অপুষ্টিতে ভোগা তারা। এরপরও তারা সৃষ্টিকর্তার দেয়া শরীর দিয়ে আর মনের জোরে বড় কুস্তিগির হওয়ার স্বপ্ন দেখেন।