টানা দ্বিতীয় পরাজয় যুবাদের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
এএইচএফ অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় হারের মুখ দেখেছে বাংলাদেশ যুব হকি দল। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হারের পর এবার মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে মওদুদুর রহমান শুভর দল। ম্যাচে এক সময় ২-২ গোলে সমতায় ফিরেও শেষ পর্যন্ত রক্ষণভাগের ভুল ও সুযোগ কাজে লাগাতে না পারায় হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
গতকাল ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটির মরিন দাউর গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয় কোয়ার্টারে আবদুল্লাহর গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও পরে দুই গোল হজম করে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ে। তৃতীয় কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩৩ মিনিটে মাহাদি হাসান অভির দুর্দান্ত ফিল্ড গোলে ২-২ সমতায় ফেরে বাংলাদেশ। তবে শেষ কোয়ার্টারে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বরং শেষ ১৫ মিনিটে বাংলাদেশের রক্ষণে প্রবল চাপ তৈরি করে মালয়েশিয়া। ৪৮ ও ৫১ মিনিটে সুজাইনি ফাহমি পরপর দু’টি ফিল্ড গোল করে মালয়েশিয়াকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।
হারের পর সুযোগ নষ্ট ও রক্ষণভাগের ভুলকেই বড় কারণ হিসেবে দেখছেন বাংলাদেশের প্রধান কোচ জাইলস বোনেট। তার মতে, ‘প্রতিপক্ষকে চাপে রাখতে হলে তৈরি করা সুযোগগুলো গোলেও পরিণত করতে হবে। স্কোরলাইনই সব বলে দিচ্ছে। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছিলাম, যা কাজে লাগাতে পারিনি। এই ধরনের ম্যাচে সুযোগগুলো নষ্ট করলে খেসারত দিতেই হয়।’
২-২ গোলে সমতায় ফেরার পরও শেষ পর্যন্ত কেন ম্যাচ হাতছাড়া হলো, সেটির ব্যাখ্যাও দিয়েছেন কোচ। ‘ডিফেন্সে আমাদের আরো ভালো হতে হবে। শেষের দিকে যে দু’টি গোল হজম করেছি, সেগুলো আরো ভালোভাবে ঠেকানো উচিত ছিল।’
বোনেটের চোখ এখন পরবর্তী ক্লাসিফিকেশন ম্যাচে। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপে কোয়ালিফাই করা, এতে কোনো পরিবর্তন আসেনি। আমাদের আসল পরীক্ষা হবে ক্লাসিফিকেশন ম্যাচে, যেখানে সম্ভবত কোরিয়া, জাপান কিংবা ভারতের মুখোমুখি হতে হবে।’