৫৯ ম্যাচ পর গোলহীন বায়ার্ন
Printed Edition
ক্রীড়া ডেস্ক
৪৭ ম্যাচ পর বুন্দেসলিগায় শালকের সাথে গোল শূন্য ড্র করেছে বায়ার্ন মিউনিখ। সব প্রতিযোগিতা মূলক ম্যাচ মিলে ৫৯ ম্যাচ পর গোলহীন বায়ার্ন মিউনিখ। এদিকে লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ জয় পেয়েছে অ্যাথলেটিক বিলবাও। সান মামেসে দ্বিতীয়ার্ধে তিন গোল করে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা। নিকো উইলিয়ামস, রবার্ট নাভারো ও ওইহান সানসেত গোল করে অ্যাথলেটিককে বড় জয় এনে দেন। এদিকে আর ইংলিশ প্রিমিয়ার লিগে হলান্ডের একমাত্র গোলে কভেন্ট্রিকে হারিয়েছে ম্যান সিটি। সিরিআ লিগে ইন্টার মিলান ৩-২ গোলে নাপোলির বিপক্ষে জয় পেয়েছে।
ম্যাচের শুরুতে অবশ্য বেশ চাপেই ছিল স্বাগতিক বিলবাও। তৃতীয় মিনিটেই লি কাং-ইনের নিচু শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ২৩ মিনিটে অ্যালেক্স বায়েনার শক্তিশালী শট ঠেকিয়ে অ্যাথলেটিক গোলরক্ষক উনাই সিমন দলকে রক্ষা করেন। ধীরে ধীরে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করে অ্যাতলেটিকো। জুলিয়ানো সিমিওনে বক্সের কঠিন কোণ থেকে সুযোগ পেলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। সমতায় প্রথমার্ধ শেষ করে দুই দল। বিরতির পর মাঠে ফিরেই ম্যাচের চিত্র পাল্টে দেয় অ্যাথলেটিক। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৩১ সেকেন্ডের মধ্যেই গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। ইনাকি উইলিয়ামসের ক্রস থেকে হেডে বল জালে পাঠান তার ভাই নিকো উইলিয়ামস। অ্যাটলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক বলটি ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
এর মাত্র দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট নাভারো। আলেহান্দ্রো গ্রিমালদোকে কাটিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত এক বাঁকানো শটে বল জালে পাঠান তিনি।
দুই গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে অ্যাতলেটিকো। দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেজকে মাঠে নামান কোচ দিয়েগো সিমিওনে। তবে শেষ পর্যন্ত অ্যাটলেটিকোর সব আশা শেষ করে দেন সানসেত। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে বক্সের ভেতর আলগা বল পেয়ে ঠান্ডা মাথায় নিচের ডান কোণে শট নেন তিনি। এতে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় অ্যাথলেটিকের। এই হারে মৌসুমে প্রথমবার পরাজয়ের স্বাদ পেল অ্যাতলেটিকো।
জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে শালকে। ফলে দীর্ঘ ৫৯টি প্রতিযোগিতামূলক ম্যাচ পর প্রথমবারের মতো কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হলো জার্মানির অন্যতম সফল ক্লাবটি। শালকের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও কাক্সিক্ষত গোলের দেখা পায়নি বায়ার্ন।
মৌসুমের শুরুতে ভিএফবি স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে দেয়ার পর দ্বিতীয় বিভাগে খেলা ডিএফবি পোকালের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছিল বায়ার্ন। সেই দুর্দান্ত শুরুর ধারাবাহিকতায় শালকের বিপক্ষেও জয়ের প্রত্যাশা ছিল তাদের। তবে ম্যাচজুড়ে বেশ কিছু সুযোগ তৈরি করেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারেনি ভিনসেন্ট কোম্পানির দল। ম্যাচের শুরু থেকেই বায়ার্ন বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। প্রথমার্ধে দলের সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিলেন লুইস দিয়াজ। কাজে লাগাতে পারেননি তিনি।
বিরতির পর মাঠে নামেন তারকা স্ট্রাইকার হ্যারি কেন। পরে মাইকেল অলিসে ও জামাল মুসিয়ালাকেও মাঠে নামান কোচ কোম্পানি। চলতি মৌসুমে প্রথমবার স্কোয়াডে থাকা মুসিয়ালা প্রাক-মৌসুমের দুটি ম্যাচে চোট পাওয়ার পর আবার মাঠে ফেরেন। তার উপস্থিতিতে বায়ার্নের আক্রমণে কিছুটা গতি বাড়লেও বায়ার্নের জয় অধরাই থেকে যায়।
অপরদিকে ইংলিশ লিগে ম্যাচের ২৬ মিনিটে আলিং হলান্ডের একমাত্র গোলে জয়ের ধারা অব্যাহত রেখেছে জায়ান্ট ম্যান সিটি। এ জয়ে তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে সিটিজেনরা।