জেরার্ড-মিশু ইস্যুতে বিব্রত ক্রীড়া প্রতিমন্ত্রী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের বিদেশী কোচ হাতাহাতি করেছেন দেশী কোচের সাথে। ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স এই হাতাহাতি করেছেন বাংলাদেশী কোচ আতিকুর রহমান মিশুর সাথে। পরে অবশ্য দলের ব্যর্থতায় বরখাস্ত করা হয় জেরার্ডকে। গতকাল এই প্রসঙ্গে জানতে চাওয়া হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে। চায়না অ্যাম্বাসেডর কাপ উশুর সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এই ঘটনা আমার জন্য যেমন বিব্রতকর তেমনি আপনি যে প্রশ্ন করেছেন সেটাও বিব্রতকর। জাতীয় দলের ক্যাম্পে বিদেশী কোচ দেশী কোচের সাথে হাতাহাতি করতে এটা একেবারেই অনাকাক্সিক্ষত। তবে কেন এ ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে দিকে নজর দিতে হবে।

বাংলাদেশ ফুটবল লিগে সাফ কোটায় বিদেশী ফুটবলারদের দেশী হিসেবে খেলানো নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সাফ ফুটবলার বিষয়ে কেন বাফুফে এই সিদ্ধান্ত নিয়েছে এটা কতোটা যুক্তিযুক্ত এনিয়ে আরো আলোচনা করা দরকার। অবশ্যই সাফ কোটায় বিদেশীরা দেশী হিসেবে খেললে দেশী ফুটবলাররা ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে বাফুফে সভাপতির সাথে কথা বলবো।’ এবারের লিগ শুরু নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে বলেন , লিগ দেরিতে শুরু হলে ক্লাবগুলো সমস্যায় পড়ে। তবে আগামীতে যাতে সময়মতোই লিগ শুরু হয় তা নিয়ে ফেডারেশনের সাথে কথা বলবো।

তিনি আরো জানান, বিভিন্ন ফেডারেশনে যে অ্যাডহক কমিটি আছে সেখানে অবশ্যই নির্বাচন হবে।

বিপিএল হবে না জানতেন না ক্রীড়ামন্ত্রী

গত কয়েক বছর ধরে বিপিএল নিয়ে নেতিবাচক কথার শেষ নেই। যে কারণে আগামী মৌসুম ২০২৭ সালে ফ্র্যাঞ্চাইজি এই লিগটি বন্ধ রেখে নতুন মডেল দাঁড় করাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভবিষ্যতে টুর্নামেন্ট কেমন হবে, সে বিষয়ে গেল ২৯ আগস্ট রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সাথে বৈঠকও করেছিলেন সভাপতি তামিম ইকবাল। পাশাপাশি কোয়াবের সাথেও আলোচনা করেছে বিসিবি। বোর্ডের সিদ্ধান্ত মেনেও নিয়েছেন ক্রিকেটাররা। পরে দেশের ঘরোয়া টুর্নামেন্টে ম্যাচ ফি বাড়ানো হয়েছে। তবে বিপিএল না হওয়ার বিষয়টি জানতেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

গতকাল তিনি বরেন,‘আমি তো আপনার কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না। বিপিএল জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আপনারা বলছেন বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন আপনাদের সামনে। আমার কাছে মনে হয় এই ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত। সুতরাং এটা কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের খেলাগুলো ধারাবাহিকভাবে হয় সেই জায়গাগুলো আমরা অবশ্যই নজরদারিতে রাখব।’