মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করা হবে : ধর্মমন্ত্রী

Printed Edition

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূলে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। গতকাল শুক্রবার বেলা ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, ‘যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদককে গোড়া থেকে নির্মূল করতে হবে। যদি মুরাদনগর উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব হয়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।’

তিনি আরো সতর্ক করে বলেন, দলীয় পরিচয়ে কেউ অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করলে তাদের ছাড় দেয়া হবে না। প্রশাসন সম্পূর্ণ স্বাধীনভাবে আইন অনুযায়ী কাজ করবে। সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও দখলবাজি দমনে কোনো আপস করা হবে না। পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার জন্যও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে ধর্মমন্ত্রী মুরাদনগর উপজেলা পরিষদে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে তিনি উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপজেলা চত্বরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।