হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ব্যাংকের সিএসআর ফান্ডের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে অবৈধ প্রভাব খাটিয়ে ৪১টি বেসরকারি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ফান্ড থেকে ২৭৬ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো: নজরুল ইসলাম মজুমদারকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় থেকে মামলাটি দায়ের করা হয়েছে।
এ বিষয়ে দুদক সচিব মো: সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, আসামিরা পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অবৈধ প্রভাব খাটিয়ে ৪১টি তফসিলি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা ফান্ড থেকে ২৭৬ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা অবৈধভাবে গ্রহণ করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসের ৩০৪১ নম্বর দলিল মূলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ গঠিত হয়। ট্রাস্টের গঠনতন্ত্র অনুযায়ী শেখ হাসিনা আজীবন সভাপতি এবং তার অনুপস্থিতিতে শেখ রেহানা সভাপতির দায়িত্ব পালন করেন। অথচ প্রতিষ্ঠানটির সমাজসেবা অধিদফতর কিংবা এনজিও-বিষয়ক ব্যুরো থেকে কোনো বৈধ অনুমোদন ছিল না। তা সত্ত্বেও আসামিরা পারস্পরিক যোগসাজশে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করেন। ট্রাস্টের নামে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সামাজিক কার্যক্রম না করেই বিভিন্ন ব্যাংক থেকে অবৈধভাবে সিএসআর ফান্ডের অর্থ সংগ্রহ করা হয়।
এজাহারে আরো বলা হয়, বিএবির সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম মজুমদার নিয়মবহির্ভূতভাবে নির্বাহী কমিটির সভার এজেন্ডায় না থাকা সত্ত্বেও বিষয়টি উত্থাপন করেন। পরবর্তী সময়ে ৪১টি তফসিলি ব্যাংক থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে সিএসআর ফান্ড দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ব্যাংকগুলোকে টাকা পাঠাতে চিঠি দেয়া হয়। এভাবে অবৈধ প্রভাব খাটিয়ে মোট ২৭৬ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে রাষ্ট্রের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি সাধন ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।