শিরোপার স্বাদ নিতেই বসুন্ধরায় পাপ্পু

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সাইফ স্পোর্টিং, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ হয়ে এবার বসুন্ধরা কিংসে গোলরক্ষক পাপ্পু হোসেন। আগের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছয় বছর ছিলেন সাইফ স্পোর্টিং ক্লাবে। সর্বশেষ ঢাকা আবাহনীতে। তবে ২০১৯ সালে প্রথম জাতীয় দলে ডাক পাওয়া এই কিপার এখনো স্বাদ পাননি কোনো শিরোপার। শুধু সাইফ স্পোর্টিং ক্লাবে থাকার সময় ফেডারেশন কাপে রানার্সআপ হতে পেরেছিলেন। এবার পাপ্পু বসুন্ধরা কিংসে গেছেন চ্যাম্পিয়নের স্বাদ নেয়ার জন্যই।

২০১২ সাল থেকে লাল-সবুজ জার্সি গায়ে তোলা পাপ্পুর। তখন ছিলেন বয়সভিত্তিক জাতীয় দল। ২০১৯ সালে প্রথম সিনিয়র জাতীয় দলে ডাক পান কোচ জেমি ডের অধীনে। সর্বশেষ ভারতের বিপক্ষে গত বছর এশিয়ান কাপ বাছাই পর্বেও ছিলেন জাতীয় দলে। বড় ভাই সুজন হোসেনের সাথে এক সাথে ছিলেন বাংলাদেশ দলে। তবে তার খেলা হয়নি। পাপ্পু জানান, আমি এবার প্রথমবারের মতো বসুন্ধরা কিংসে যোগ দিয়েছি। উদ্দেশ্য, চ্যাম্পিয়নশিপের স্বাদ নেয়া। বসুন্ধরা সব সময়ই চ্যাম্পিয়ন ফাইটিং দল গড়ে। দলের মধ্যেও পাব শিরোপা জয়ের ক্ষুধা।’

গত বছর আবাহনীর হয়ে খেলা হয়নি পাপ্পুর। এবার তাকে বসুন্ধরা কিংসের পোস্টের নিচে স্থান পেতে লড়তে হবে জাতীয় দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সাথে। এ ছাড়া রয়েছেন সিলেটের গোলরক্ষক হিলাল। সর্বশেষ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলেছেন হিলাল। পাপ্পু জানান, আমাকে লড়াই করতে হবে শ্রাবণের সাথে। সে তো দলের এক নম্বর গোলরক্ষক। ক্লাবে লড়াই করেই আমি আবার ফিরতে চাই জাতীয় দলে।