তিন বছরে দেশে ফিরেছেন ৬০ লাখ আফগান : জাতিসংঘ
Printed Edition
আনাদোলু এজেন্সি
গত তিন বছরেরও কম সময়ে রেকর্ড ৬০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ‘সাম্প্রতিক ইতিহাসে এত বড় পরিসরে শরণার্থীদের ফিরে যাওয়ার ঘটনা দেখা যায়নি।’ তবে একই সাথে সব ধরনের প্রত্যাবর্তন যেন স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হয়, তা নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করা হয়।
ইউএনএইচসিআর এ বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও, ফিরে যাওয়া শরণার্থীদের বড় একটি অংশ প্রতিবেশী পাকিস্তান ও ইরান থেকে আফগানিস্তানে ফিরেছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত জুনে জানিয়েছিলেন, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ইসলামাবাদ একটি পর্যায়ক্রমিক প্রত্যাবাসন কর্মসূচি বাস্তবায়ন শুরু করার পর থেকে ২৪ লাখেরও বেশি আফগান নাগরিক তাদের দেশে ফিরে এসেছেন। ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ইরান থেকে প্রায় ২১ লাখ আফগান নিজ দেশে ফিরেছেন। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করার পর এবং পরবর্তী কয়েক দশকের সংঘাত ও অস্থিতিশীলতার সময়ে লাখ লাখ আফগান পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন।
সর্বশেষ জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানে এখনো সাত লাখ ৭৭ হাজারের বেশি নথিভুক্ত আফগান শরণার্থী অবস্থান করছেন। এর বাইরে ১০ লাখের বেশি অনিবন্ধিত আফগান নাগরিক দেশটিতে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।