রাশিয়া ইউরোপকে কখনোই নিষেধাজ্ঞা তুলতে বলবে না : ল্যাভরভ
Printed Edition
তাস
পশ্চিমারা নিজ থেকেই দেয়াল তুলে সম্পর্ক ছেদ করলেও রাশিয়া কখনোই ইউরোপের পিছু ছুটবে না কিংবা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কোনো আনুকূল্য প্রার্থনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার ভøাদিভোস্তক শহরে আয়োজিত ‘ইস্টার্ন ইকোনমিক ফোরাম’ (ইইএফ)-এর এক বিশেষ বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, মস্কো কখনোই ইউরোপ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেনি কিংবা সম্পর্কের মাঝে কোনো দেয়াল তোলেনি; বরং একক সিদ্ধান্তের ভিত্তিতেই এই দূরত্ব তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিমা দেশগুলো ধারণা করেছিল যে তাদের সাথে বিগত বহু বছরের পারস্পরিক সহযোগিতা রাশিয়ার জন্য এতটাই অপরিহার্য ছিল যে, অর্থনৈতিক অবরোধের মুখে মস্কো তাদের কাছে নতি স্বীকার করবে। ইউরোপীয়দের এই বিশ্বাসকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন আখ্যা দিয়ে লাভরভ বলেন, এ ধরনের কোনো ঘটনা কখনোই ঘটবে না। নিজের দেশের অবস্থান ব্যাখ্যা করে সের্গেই ল্যাভরভ আরো উল্লেখ করেন, রাশিয়ার নিজস্ব জাতীয় মর্যাদা ও আত্মসম্মানবোধ রয়েছে এবং কারো অনুকম্পার ওপর ভর করে তারা চলে না। ইউরোপের মনোভাবের ওপর মস্কো বিন্দুমাত্র নির্ভরশীল নয় জানিয়ে তিনি বলেন, বিশ্বরাজনীতিতে রাশিয়ার যথেষ্ট বন্ধু ও অংশীদার রয়েছে, যারা পূর্ণ সদিচ্ছা ও নির্ভরযোগ্যতার সাথে সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে সৎ ও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার যোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।