ইউক্রেনে শান্তিচুক্তিসাপেক্ষেই পুতিনের সাথে বসতে রাজি ট্রাম্প

Printed Edition

এনডিটিভি

ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাপ্তিতে একটি কার্যকর শান্তিচুক্তি অর্জনের শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে পুনরায় শীর্ষ বৈঠকে বসতে মার্কিন আগ্রহের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সঠিক প্রেক্ষাপট তৈরি হলেই কেবল তিনি এই আলোচনায় বসবেন। ট্রাম্প জানান, তিনি প্রস্তাব দিলে পুতিনও বৈঠকে বসতে সম্মত হবেন, তবে সেই আলোচনা হতে হবে চূড়ান্ত চুক্তির উদ্দেশ্যে। তিনি উল্লেখ করেন, ‘আমি তখনই বসতে চাই, যখন আমরা একটি শান্তিচুক্তি সম্পাদনের জন্য পুরোপুরি প্রস্তুত থাকব।’

আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্যের স্বার্থে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখাকে আমেরিকার জন্য লাভজনক বলে মনে করেন ট্রাম্প। তার মতে, রাশিয়ায় বিপুল সম্ভাবনা ও মূল্যবান সম্পদ রয়েছে, যা বাণিজ্যিক দিক থেকে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাত নিয়ে নিজের আগের অবস্থানে অনড় থেকে ট্রাম্প পুনরায় দাবি করেন, ২০২০ সালের মার্কিন নির্বাচনে তিনি বিজয়ী হলে এই রক্তক্ষয়ী সঙ্ঘাতের সূচনাই হতো না। তার প্রথম মেয়াদে (২০১৬-২০২০) পুতিনের সাথে নিয়মিত যোগাযোগ ছিল এবং সে সময়ে যুদ্ধ শুরু হওয়ার মতো পরিস্থিতি ছিল না। ক্ষমতা হস্তান্তরের পর পুরো বিষয়টিকে একটি অনাকাক্সিক্ষত পরিস্থিতি হিসেবে আখ্যা দেন তিনি। পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার বৈরিতা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘমেয়াদি এই টানাপড়েন সত্ত্বেও সঠিক সময় এলে চূড়ান্ত একটি সমাধানের পথ উন্মুক্ত হবে।