জ্যোতিদের বিপক্ষে সতর্ক শ্রীলঙ্কা

নারী এশিয়া কাপ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও উড়িয়ে দিয়েছে ইন্দোনেশিয়াকে। ১০০ রান তো দূরে থাক, প্রথমবারের নারী এশিয়া কাপ খেলতে আসা ইন্দোনেশিয়া দুই ম্যাচের কোনোটিতেও ৬০ রান পর্যন্ত করতে পারেনি। তবে বাংলাদেশের মতো বোলিং বিভাগে উন্নতি হলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকছেই শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর।

সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারানো শ্রীলঙ্কা ৭৫ রানের আয়েশি জয় পেয়েছে ইন্দোনেশিয়ার বিপক্ষে। শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৪৯ রানেই শেষ ইন্দোনেশিয়ার ইনিংস। তবে টস হেরে আগে ব্যাটিং পেয়ে লঙ্কানরা ১২.৩ ওভারে ৬২ রানে ৬ উইকেটে পরিণত হয়। স্কোরবোর্ডে তখন ১০০ হওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তবে মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় শ্রীলঙ্কা ৭ উইকেটে করে ১২৪ রান। যেটা শেষ পর্যন্ত তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল।

দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়া শ্রীলঙ্কার পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর দুবাইয়ে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। আতাপাত্তু বলেন, ‘এই পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নেয়া দরকার ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি এবং কয়েকটি উইকেট হারিয়েছি। পরের ম্যাচের জন্য এটা আমাদের শিক্ষণীয় বিষয়। বাংলাদেশ ম্যাচে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। নিজেদের কাজ করতে হবে।’

২৯ আগস্ট আমিরাতের দেয়া ৮০ রানের লক্ষ্য তাড়া করে ৭৩ বল হাতে রেখে ৯ উইকেটের সহজ জয় পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু গতকাল ইন্দোনেশিয়ার বিপক্ষে আগে ব্যাটিং পেয়ে লঙ্কানদের ইনিংসে ধস নামে। সপ্তম উইকেটে কাওয়া কাভিন্দি ও নিলাক্ষীকা ডি সিলভার ৫০ রানের জুটিতে উদ্ধার হয় শ্রীলঙ্কা। আতাপাত্তুর চোখে ম্যাচসেরা নিলাক্ষীকা হলেও শেষ পর্যন্ত লঙ্কান অধিনায়কই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। কারণ আতাপাত্তু ৫ রানে নিয়েছেন ৭ উইকেট। করেছেন হ্যাটট্রিকও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমি নীলাক্ষীর দুর্দান্ত ইনিংসের প্রশংসা করতে চাই। এই পুরস্কারটি (ম্যাচসেরার পুরস্কার) তার সঙ্গে ভাগ করে নিতে চাচ্ছি।’

দুই ম্যাচের দু’টি জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপ থেকে সেমিফাইনাল এক রকম নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লঙ্কানদের নেট রানরেট থ+৪.১২৯। দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট থ+৩.৫৫। নিগার সুলতানা জ্যোতির দল ইন্দোনেশিয়াকে হারিয়েছে ৭১ রানে। বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আমিরাত। তিন থাকা ইন্দোনেশিয়া ও চারে থাকা আমিরাত এখনো পয়েন্টশূন্য।