মধ্যপ্রাচ্যে বাইরের হস্তক্ষেপ বন্ধের আহ্বান শি জিনপিংয়ের
Printed Edition
রয়টার্স
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণে বহিঃশক্তির হস্তক্ষেপ এড়িয়ে অঞ্চলটির সার্বভৌম দেশগুলোকে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সাথে ওই অঞ্চলের বিদ্যমান নিরাপত্তাকাঠামো নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার চার বছরের মধ্যে প্রথমবারের মতো মিসর সফরে গিয়ে এসব কথা বলেন চীনা প্রেসিডেন্ট। তেহরানের ওপর ওয়াশিংটনের সামরিক অভিযান এবং মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান সঙ্ঘাতের প্রেক্ষাপটে বেইজিং যখন এ অঞ্চলে নিজেদের অবস্থান পোক্ত করতে চাইছে, ঠিক তখনই এই কূটনৈতিক সফরটি অনুষ্ঠিত হলো। দীর্ঘমেয়াদি সঙ্ঘাতের কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি ওয়াশিংটনের মিত্রদেশগুলো নিজেদের বৈদেশিক নীতি পুনর্মূল্যায়ন করতে শুরু করেছে। বার্ষিক প্রায় ১৩০ কোটি ডলারের মার্কিন সামরিক সাহায্য পাওয়া মিসর সাম্প্রতিক সময়ে চীনের সাথেও নিবিড় অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলছে। কায়রোতে বর্ণাঢ্য সামরিক আয়োজনের মধ্য দিয়ে চীনা প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া অনুযায়ী, বৈঠককালে শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখা এবং নতুন একটি আঞ্চলিক নিরাপত্তাকাঠামো গঠন করা। এ ছাড়া বাবুল মান্দেব ও হরমুজ প্রণালীর মতো সঙ্ঘাতকবলিত আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল নিরাপদ রাখতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে বেইজিং।
বৈঠকে সন্ত্রাসবাদ দমন, তথ্যকেন্দ্র স্থাপন, সেমিকন্ডাক্টর ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ বজায় রাখতে যৌথ সহযোগিতার বিষয়ে দুই নেতা একমত হন। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রার ব্যবহার বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।