ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই : আইনমন্ত্রী

Printed Edition

শৈলকুপা ( ঝিনাইদহ) সংবাদদাতা

‘আমরা মাদকের বিরুদ্ধে কথা বলছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। তোলাবাজির বিরুদ্ধে কথা বলছি। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি। আমরা উন্নয়নের কথা বলছি। আমরা ঘরে ঘরে এই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই।’

গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় আগামীর শৈলকুপা নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের (আন্তঃইউনিয়ন) ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আসুন আমরা বদলে যাই, বদলে দিই। নিজে বদলাই, সমাজকে বদলে দেয়া যায়। মন্ত্রী বলেন, শৈলকুপার বারইপাড়া গ্রামে সরকারি জলাশয়, ক্যানালের পাশে যে পানি আছে, সেই জলাশয়ে ব্যক্তিগত উদ্যোগে আমরা মাছ ছাড়ছি। এর দুইটা শর্ত দেয়া হচ্ছে গ্রামবাসীর জন্য। জাল দিয়ে এখানে কেউ মাছ ধরতে পারবে না। ব্যবসায়িক কারণে কেউ মাছ ধরতে পারবে না। এই দুইটা শর্ত মেনে এই জলাশয়ের মাছ যেটা আমাদের টাকা দিয়ে ছাড়ছি, গোটা গ্রামবাসীর জন্য তা আমরা উন্মুক্ত করে দিচ্ছি। সারা বছর গ্রামের বাসিন্দারা ওই জলাশয়ের মাছ বর্শি দিয়ে, হাত দিয়ে ধরে খেতে পারবে।’

টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো: নোমান হোসেন, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ প্রমুখ।