ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে দুর্ঘটনায় নিহত ১৪৭

Printed Edition

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

পদ্মা সেতু উদ্বোধনের পর গত চার বছর দুই মাসে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৪৭ জন নিহত এবং ৮৭৪ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, পদ্মা সেতু উদ্বোধনের দিন ২০২২ সালের ২৫ জুন থেকে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) পর্যন্ত মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে এসব দুর্ঘটনা ঘটে।

সফিকুল ইসলাম বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ পথ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দিন দিন যানবাহনের চাপ বাড়ছে। এর সাথে অনাকাক্সিক্ষতভাবে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। দুর্ঘটনা প্রতিরোধে চালক ও সাধারণ জনগণকে সচেতন হতে হবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়েটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। ফলে চালকদের অসতর্কতা, বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠছে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে হতাহতদের সেবায় কাজ করছে ফায়ার সার্ভিস। চালকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।