কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, আটক ৫
Printed Edition
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় অভ্যন্তরীণ কোন্দল ও পদ পদবি নিয়ে বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। সংঘর্ষে আহতরা বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গ্রেফতারকৃতরা হলেন- জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।
জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তর বাজার এলাকায় দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগি¦তণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা তীব্র সংঘর্ষে রূপ নেয়। কুলাউড়া থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ। মামলার বাদি অভিযোগ করেন, পদ দেয়ার নামে তার কাছে চাঁদা দাবি করেছিলেন এহসান জাকারিয়াসহ তার লোকজনরা। সেই বিরোধের জেরেই বড়লেখা যাওয়ার পথে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।
জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ জানান, বিষয়টি তদন্ত করে দলীয় ব্যবস্থা নেয়া হবে। কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে পাঠানো হয়েছে।